‘পেছনের স্বৈরাচার ও নতুন হতে চাওয়া স্বৈরাচার—দুইয়ের বিরুদ্ধেই লড়াই করতে হচ্ছে’: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম (এমপি) বলেছেন, আওয়ামী লীগ ফিরে আসার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে সবার আগে আমাদের এবং জুলাই আন্দোলনকে টার্গেট করা হবে। তাই যেকোনো মূল্যে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এক হয়ে রুখে দাঁড়াতে হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল শিল্পকলা একাডেমির হলরুমে মহানগর ও জেলা এনপিপির আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'অন্যদিকে যারা নির্বাচনের মাধ্যমে, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় এসেছে, তারাও আজ নতুন স্বৈরাচার হওয়ার চেষ্টায় আছে। পেছনের স্বৈরাচার এবং সামনে হতে চাওয়া স্বৈরাচার- দুজনের বিরুদ্ধেই লড়াইটা আমাদের করতে হচ্ছে। এই আন্দোলন আগের চেয়েও অনেক বেশি কঠিন ও চ্যালেঞ্জিং। আর এর জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।'
নাহিদ ইসলাম বলেন, 'যে সংসদ এত রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, সেই সংসদকে আজ নানা উপায়ে অকার্যকর করার চক্রান্ত চলছে। জনমতকে তোয়াক্কা না করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা থাকলেও তা না করে কেবল একটি সংশোধন কমিটি করা হয়েছে।'
বর্তমান সরকার গ্যাস, বিদ্যুৎ কিংবা সারের সংকটের কোনো স্থায়ী সমাধান করতে পারছে না উল্লেখ করে তিনি বলেন, 'তারা বলেছিল তাদের পরিকল্পনা রয়েছে, অথচ আজ তাদের বিরোধী দলের কাছে পরিকল্পনা চাইতে হচ্ছে। কিন্তু এই সরকার তা বাস্তবায়নের যোগ্য নয়।'
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, সীমান্ত হত্যা বন্ধ, পানির ন্যায্য হিস্যা এবং বরিশালে সার সংকট নিরসনের দাবি জানিয়ে তিনি বলেন, জনগণের এই ন্যায্য দাবিগুলো নিয়ে এনসিপিকে রাজপথে নেতৃত্ব দিতে হবে এবং প্রতিটি ইউনিয়নে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।
সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনপিপির মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের এমপি মাহমুদা মিতুসহ জেলা ও মহানগর এনপিপির নেতৃবৃন্দ।
