নির্বাচনে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে থাকছে সোয়াত, কে-৯ ও বোম্ব ডিজপোজাল ইউনিট
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশের বিশেষায়িত বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট এবং ক্রাইম সিন ভ্যান মাঠে মোতায়েন থাকবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, নির্বাচন উপলক্ষে ঢাকায় চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কোনো ধরনের আশঙ্কা নেই, তবুও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আশা করছি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভোটারদের আশ্বস্ত করে ডিএমপির এই কর্মকর্তা বলেন, আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবেন।' কোনো হুমকি বা ঝুঁকির আশঙ্কা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, কোনো হুমকি বা ঝুঁকির আশঙ্কা করছি না। সর্বাত্মক প্রস্তুতি রয়েছে, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, নির্বাচনের বিভিন্ন দায়িত্বে ঢাকায় ডিএমপির মোট ২৬ হাজার ৫১৫ জন সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ছাড়াও বাইরে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্সের পাশাপাশি বিশেষায়িত বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ (ডগ স্কোয়াড) ইউনিট এবং ক্রাইম সিন ভ্যান সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
