বিএনপি ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করবে: ঠাকুরগাঁওয়ে তারেক রহমান
দেশের অর্থনীতি মজবুত করার পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের স্বাবলম্বী করতে 'ফ্যামিলি কার্ড' এবং কৃষকদের জন্য 'কৃষক কার্ড' চালু করা হবে। এর মাধ্যমে কৃষকরা সহজে ঋণ, সার ও বীজ পাবেন। তিনি ঘোষণা দেন, আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ জয়ী হলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী দিনে বৈষম্যহীন এক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, 'যে যার যোগ্যতার ভিত্তিতে, যে যার মেধার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাবে। প্রত্যেককে বিচার করা হবে তার যোগ্যতা ও তার মেধার ভিত্তিতে। ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না।'
তারেক রহমান উপস্থিত জনতাকে একটি নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, 'আসুন, আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার জন্য আজকে এই জনসভায় আমরা শপথ নেই। এই জনসভা হোক সেই নিরাপদ বাংলাদেশ গড়ার শপথের জনসভা, যেখানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।'
তিনি আরও বলেন, '১৯৭১ সালে আমরা যখন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, তখন দেখিনি কে হিন্দু, কে বৌদ্ধ বা কে খ্রিষ্টান। '২৪ সালেও ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজপথে যখন সবাই নেমে এসেছিল, তখনো কারো ধর্মীয় পরিচয় বড় ছিল না। আমরা দীর্ঘদিন ধরে শান্তিতে বসবাস করছি এবং আগামীতেও আমরা চাই প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে এই দেশে বসবাস করুক।'
উত্তরাঞ্চলের উন্নয়নে একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, 'চিনিকলসহ বন্ধ থাকা সকল শিল্প-কারখানা পুনরায় চালু করা হবে। ঠাকুরগাঁওয়ে একটি ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা, মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি বাস্তবায়ন করা হবে।'
এছাড়া বেকারদের কর্মসংস্থানের জন্য 'আইটি হাব' এবং কৃষিপণ্য সংরক্ষণে বিশেষ 'হিমাগার' নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, 'বিগত 'ফ্যাসিস্ট' সরকার কেবল নিজেদের স্বার্থ দেখেছে। বিএনপি ক্ষমতায় গেলে দ্রুততম সময়ে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু ও জেলায় ইপিজেডসহ কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে।'
স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে 'হেলথ কেয়ারার' নিয়োগের মাধ্যমে ঘরে বসে চিকিৎসা নিশ্চিত করার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
জনসভায় তারেক রহমান ঠাকুরগাঁও-১ আসনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঠাকুরগাঁওয়ের তিনটি আসন, পঞ্চগড়ের দুটি এবং দিনাজপুরের একটি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেন।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, 'আমি প্রার্থীদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছি। এই প্রত্যেকটি মানুষকে আপনারা ১২ তারিখ পর্যন্ত দেখে রাখবেন। তারা নির্বাচিত হলে তাদের দায়িত্ব হবে আপনাদেরকে ২৪ ঘণ্টা দেখে রাখা।'
সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'ধ্বংসস্তূপ থেকে দেশকে বাঁচাতে গোটা দেশ আজ তারেক রহমানের দিকে তাকিয়ে। এই কঠিন সময়ে তিনি নেতৃত্ব দিচ্ছেন। তাকে শতভাগ সমর্থন দিতে হবে। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই তারেক রহমান দেশ পুনর্গঠন করবেন।'
