আসুন ইশতেহার নিয়ে সরাসরি আলোচনা করি, জনগণ সিদ্ধান্ত নেবে: তারেক রহমানকে ট্যাগ করে জামায়াত আমিরের পোস্ট
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিজ নিজ দলের ইশতেহার নিয়ে জনসমক্ষে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রস্তাব দেন।
তারেক রহমানকে উদ্দেশ্য করে লেখা ওই পোস্টে জামায়াত আমির বলেন, 'সম্মানিত তারেক রহমান, বৈধতা আসে কেবল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। স্বচ্ছতা এবং জনআস্থা ছাড়া কোনো ফলাফলই জনগণের আস্থা অর্জন করতে পারে না।'
জুলাই বিপ্লব পরবর্তী সময়ে রাজনীতির গুণগত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে তিনি লিখেছেন, 'জুলাই বিপ্লবের পর, আমাদের যুবসমাজের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে এটি দেখানোর যে রাজনীতি মার্জিত এবং সংঘাতহীন হতে পারে। আসুন আমরা গণমাধ্যম এবং জনগণের চুলচেরা বিশ্লেষণের মুখোমুখি হই এবং ভবিষ্যতের এমন এক শাসনব্যবস্থার মানদণ্ড নির্ধারণ করি যা সমালোচনা গ্রহণে উন্মুক্ত, জবাবদিহিমূলক এবং স্বচ্ছ হবে।'
বিএনপি তাদের নির্বাচনি ইশতেহার ঘোষণার পর এই আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, 'যেহেতু আপনি আপনার পরিকল্পনা উন্মোচন করেছেন, তাই আমি আপনাকে একটি জনসমক্ষে সরাসরি আলোচনার জন্য আমন্ত্রণ জানাই, যেখানে আমরা আমাদের নিজ নিজ ইশতেহার জাতির সামনে তুলে ধরব এবং জনগণ সিদ্ধান্ত নেবে।'
সবশেষে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, 'আসুন বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে আমরা সবাই জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অঙ্গীকার করব।'
