ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বশির মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বশির মিয়া।
এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় দুই পক্ষের সংঘর্ষ হয়।
নিহত বশির ওই উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের হিলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় একটি সরকারি খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি আলমগীর মিয়া নামে স্থানীয় এক ব্যক্তি ওই জমিটি কিনেছেন দাবি করে সেখানে সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। এ নিয়ে আলমগীরের প্রতিপক্ষ কুতুবের বাড়ির নারীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়।
বিষয়টি নিয়ে শুক্রবার দুপুরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় বশির মিয়া গুরুতর আহত হন। স্বজনরা তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, 'বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মারামারিতে একজন মারা গেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।'
তিনি আরও বলেন, 'এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
