দুই শিশুর ঝগড়া থেকে মধ্যরাতে সংঘর্ষে সিলেটের ৫ গ্রামের মানুষ, আহত অন্তত ১৫
সিলেটে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে মধ্যরাতে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরের তেমুখী এলাকায় সিলেট–সুনামগঞ্জ সড়ক অবরোধ করে এ সংঘর্ষে জড়ান তারা। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, রাত আনুমানিক ১২টার দিকে তেমুখী এলাকায় সংঘর্ষ শুরু হয় এবং প্রায় এক ঘণ্টা ধরে ইটপাটকেল নিক্ষেপসহ উত্তেজনা চলতে থাকে। এ সময় সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জালালাবাদ থানার পুলিশ জানায়, তেমুখী এলাকার পার্শ্ববর্তী কুমারগাঁও ও সাহেবেরগাঁও গ্রামের দুই শিশুর কথা-কাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত। পরে কুমারগাঁওয়ের পক্ষে নাজিরেরগাঁও এবং সাহেবেরগাঁওয়ের পক্ষে ছড়ারগাঁও ও কালিরগাঁও গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলাকালে যান চলাচল বন্ধ ছিল।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে রাত ১টার দিকে যান চলাচল আবার স্বাভাবিক হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব বলেন, "সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।"
সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ) দেবাশীষ রায় বলেন, "শুরুতে কেউ কেউ ঘটনাটিকে রাজনৈতিক বলে দাবি করলেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। মূলত শিশুদের ঝগড়া থেকেই গ্রামবাসীদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এরপরও অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।"
