ব্রাহ্মণবাড়িয়ায় ৮০৫ ভোটকেন্দ্রের ৫৭৪টি ঝুঁকিপূর্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ৮০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৭৪টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে ৪৮২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ৯২টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় সামাজিক প্রেক্ষাপট, দাঙ্গাপ্রবণ এলাকা এবং যাতায়াত ব্যবস্থার বিষয়গুলো বিবেচনায় এনে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এছাড়া অতীতের নির্বাচনী ঘটনাগুলো বিচার-বিশ্লেষণ করেও এই তালিকা তৈরি করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান বলেন, 'সব ভোটকেন্দ্রেই ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ এবং আনসার সদস্যের সংখ্যা সাধারণ কেন্দ্রের তুলনায় বেশি থাকবে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী করা হবে।'
তিনি আরও জানান, যেসব কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে, সেখানে স্ট্রাইকিং টিম, সেনাবাহিনী এবং বিজিবি মোতায়েন থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি ফোর্স দেওয়ার নির্দেশনা রয়েছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন।
