বিমানের সাবেক এমডি সাফিকুর ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব, সম্পদের সন্ধানে ট্যাক্স গোয়েন্দারা
১১ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এবং বর্তমানে গ্রেপ্তার রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মো. সাফিকুর রহমান এবং তার স্ত্রী বীথি আক্তারের সম্পদের খোঁজে নেমেছে ট্যাক্স গোয়েন্দা বিভাগ। এছাড়া তাদের পরিবারের অন্যান্য সদস্যদের সম্পদেরও সন্ধান করার প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি।
এর অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) আলোচ্য দুই ব্যক্তির ব্যাংক লেনদেনের তথ্য জানতে চেয়ে ব্যাংকগুলোতে চিঠি পাঠানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ইনকাম ট্যাক্স ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ইউনিটের কমিশনার মো. আবদুর রকিব ব্যাংক হিসাবের তথ্য তলবের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "আমরা প্রাথমিকভাবে তার কিছু সম্পদের সন্ধান পেয়েছি, যাতে তথ্য গোপন করার আলামত পাওয়া গেছে।"
সংশ্লিষ্ট দপ্তরের অপর একজন কর্মকর্তা জানান, রাজধানীর উত্তরায় সাফিকুর রহমানের একটি অ্যাপার্টমেন্টের সন্ধান পাওয়া গেছে, যার দাপ্তরিক মূল্য দেখানো হয়েছে মাত্র ১০ লাখ টাকা। এছাড়া আফতাবনগরে তার প্লট থাকার তথ্য পাওয়া গেছে। এর বাইরে নিজের বা আত্মীয়-স্বজনের নামে আর কোথায় সম্পদ আছে, তার তথ্য অনুসন্ধান শুরু হয়েছে। ওই কর্মকর্তা আরও জানান যে শফিকুর রহমানের বাড়ি গোপালগঞ্জে।
জানা গেছে, বিমানের এমডির বাসায় নির্যাতনে আহত ওই শিশু গৃহকর্মীকে উদ্ধার করে ইতোমধ্যে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৃহকর্মীর শরীরে আঘাতের চিহ্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর দেশব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।
ইতোমধ্যে সাফিকুর রহমান ও তার স্ত্রীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় পুলিশ শফিকুর রহমান, তার স্ত্রীসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে।
