কুমিল্লা-১০: আপিলে বিএনপির গফুর ভূঁইয়ার প্রার্থিতা খারিজ, ধানের শীষে লড়বেন মোবাশ্বের আলম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীর প্রার্থিতা নিয়ে ভিন্ন ভিন্ন আদেশ দিয়েছেন আপিল বিভাগ। বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়া ধানের শীষ প্রতীকে নির্বাচনের সবুজ সংকেত পেলেও আইনি লড়াইয়ে চূড়ান্তভাবে ছিটকে পড়েছেন দলের আরেক নেতা আবদুল গফুর ভূঁইয়া।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ পৃথক এই আদেশ দেন।
নির্বাচনে লড়তে পারবেন মোবাশ্বের আলম
কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলেও আদেশে বলা হয়েছে। আদালতে মোবাশ্বের আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।
ঋণখেলাপির অভিযোগে মোবাশ্বের আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করলে গত ২৫ জানুয়ারি হাইকোর্ট এক রুলে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেন। একই সঙ্গে তাকে 'ধানের শীষ' প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে একই আসনের আরেক প্রার্থী হাসান আহমেদ আপিল বিভাগে লিভ টু আপিল করেছিলেন। সেই আবেদনের শুনানি নিয়ে আজ আপিল বিভাগ মোবাশ্বের আলমের প্রার্থিতা বহাল রাখেন।
প্রার্থিতা ফিরে পেলেন না গফুর ভূঁইয়া
অন্যদিকে, একই আসনে বিএনপির অপর নেতা আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
গফুর ভূঁইয়ার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছিলেন একই আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী কাজী নুরে আলম সিদ্দিকী। ১৮ জানুয়ারি শুনানি শেষে গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে ইসি। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গফুর ভূঁইয়া হাইকোর্টে রিট করলে গত ২২ জানুয়ারি হাইকোর্ট তা সরাসরি খারিজ করে দেন। পরবর্তীতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিনি লিভ টু আপিল করেছিলেন, যা আজ সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে গেল।
এর ফলে একই আসনে বিএনপির দুই নেতার আইনি লড়াই শেষে মোবাশ্বের আলম ভূঁইয়া চূড়ান্ত প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকছেন, তবে নির্বাচনী দৌড় থেকে বিদায় নিতে হলো গফুর ভূঁইয়াকে।
