আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না হাসনাতের আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না তিনি।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেছিলেন ওই আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি বিএনপির এই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
তার প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল করে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন মঞ্জুরুল আহসান। ২১ জানুয়ারি তার রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে তিনি আপিল বিভাগে আবেদন করেছিলেন। আজ সেই আবেদনও খারিজ হলো।
মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হওয়ার ফলে কুমিল্লা -৪ আসনের এখন বিএনপির কোনো প্রার্থী নেই।
অন্যদিকে কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীর প্রার্থিতা নিয়ে ভিন্ন ভিন্ন আদেশ দিয়েছেন আপিল বিভাগ। বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়া ধানের শীষ প্রতীকে নির্বাচনের সবুজ সংকেত পেলেও আইনি লড়াইয়ে চূড়ান্তভাবে ছিটকে পড়েছেন দলের আরেক নেতা আবদুল গফুর ভূঁইয়া। ফলে এ আসনে বিএনপির প্রার্থী থাকছেম মোবাশ্বের আলম।
