রাজধানীর উত্তরায় বাসে আগুন
রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুন লাগার সময় বাসটি পার্কিং অবস্থায় ছিল।
উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলম বিষয়টি টিবিএসকে নিশ্চিত করে বলেন, "বাসটি পার্কিং করা থাকলেও চালক ও সহকারী ইঞ্জিনের সুইচ চালু রেখে চা খেতে নেমেছিলেন। ওই সময় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বাসে আগুন ধরে যায়।"
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, "সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সকাল ১০টা ১২ মিনিটে বাসের আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।"
