মাল্টিমিডিয়া বাসে নির্বাচনি প্রচারণা শুরু করলেন জামায়াত আমির
রাজধানীর মিরপুর-১০-এ অফিস ও মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উদ্বোধন শেষে জামায়াতের আমির বলেন, 'আমাদের ভোগবিলাস যদি আগের মতোই থাকে, তবে আমাদের চরিত্র বদলাবে না।'
তিনি বলেন, 'স্বর্ণ-বৈভব ও জৌলুসপূর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে বিগত ১৭ বছর দেশ চালানো হয়েছে। আমরা এমন সমাজ চাই যেখানে সরকারি কর্মকর্তারা মালিক নয়, বরং জনগণের সেবকের ভূমিকায় অবতীর্ণ হবেন।'
যুবকদের কর্মসংস্থানের বিষয়ে শফিকুর রহমান বলেন, 'আমরা বেকার ভাতা দিব না, আমরা বেকারত্বের অবসান ঘটাবো। যুবকদের হাতকে মজবুত কারিগরের হাত হিসেবে গড়ে তুলে তাদের আত্মসম্মানের কাজ নিশ্চিত করা হবে।'
নারীদের জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার করে জামায়াত আমির বলেন, 'আমরা মা-বোনদের জন্য একটি নিরাপদ দেশ চাই। তাদের কর্মস্থল ও চলাফেরা নিরাপদ করতে চাই। যারা ঘরে থাকবেন কিংবা বাইরে কাজ করবেন, সবার সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।'
খোঁজ নিয়ে জানা যায়, শফিকুর রহমানের নির্বাচনি প্রচারণায় যুক্ত হওয়া সবুজ বাসটি দক্ষিণ কোরিয়ান বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই ইউনিভার্সের নোবেল ইউএক্সএন সিরিজের একটি বাস ।
