দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট কর্মকর্তাদের প্রশাসন থেকে সরাতে হবে: শাহজাহান চৌধুরী
দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট কর্মকর্তাদের প্রশাসন থেকে সরিয়ে দলীয়করণমুক্ত প্রশাসন গড়ে তোলার দাবি জানিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী।
তিনি বলেন, 'যারা সরকার পরিচালনা করেছে, যারা নিশি নির্বাচন করেছে, তাদের প্রশাসন থেকে অবশ্যই বের করে দিতে হবে। দলীয়করণ চলবে না। বাংলার জনগণের অধিকার ও আকাঙ্ক্ষা অনুযায়ী প্রশাসন পরিচালনা করতে হবে।'
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘী ময়দানে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, 'আমাদের সংগ্রাম দুর্নীতির বিরুদ্ধে, দলীয়করণের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করতে হবে। মানবাধিকার কমিশন, পুলিশ ও বিচার বিভাগের সংস্কার করতে হবে।'
তিনি বলেন, 'প্রশাসনে যারা ফ্যাসিস্টদের সঙ্গে ছিল, যারা জনগণের ওপর নির্যাতন-নিপীড়নে জড়িত ছিল, তাদের প্রশাসনে রেখে কোনো সংস্কার সম্ভব নয়। তাদের সরিয়ে প্রশাসনকে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিচালনা করতে হবে।'
বর্তমান সরকারের ছয় মাসের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন শাহজাহান চৌধুরী। তিনি বলেন, 'ছয় মাস সরকারের জন্য বেশি সময় নয়—আমরাও সেটা বিশ্বাস করি। কিন্তু ছয় মাসে আপনারা যে পথে হাঁটছেন, তাতে মনে হচ্ছে আগামীতে দেশ কীভাবে পরিচালনা করবেন, সেটা আমরা টের পেয়ে গিয়েছি।'
তবে আওয়ামী লীগ সরকারের ১৮ বছরের শাসনামলের দায় বর্তমান সরকারের ওপর চাপাতে চান না জানিয়ে তিনি বলেন, 'আওয়ামী লীগ দেশকে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, বিচারব্যবস্থার নামে অবিচার করেছে। ১৮ বছর যারা সরকারে ছিল, তাদের দায় সবচেয়ে বেশি।'
তিনি বলেন, 'আমরা ছয় মাসের জন্য আপনাদের দায়ী করব না। কিন্তু দুর্নীতিবাজদের বিচার না করে ছেড়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের লড়াই।'
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে শাহজাহান চৌধুরী বলেন, 'আমরা বলছি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সরকার বলছে জুলাই সনদ সংশোধন করবে। সংশোধন আর সংস্কারের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে।'
তিনি বলেন, 'সংশোধন করলে ভবিষ্যতে যেকোনো সরকার এসে সেটি বাতিল করতে পারবে। আমরা চাই জুলাই সনদের সংস্কার। গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।'
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা অন্যায় কোনো দাবি করছি না। ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। আপনারা ৫০ শতাংশ ভোট পেয়ে সরকারে গেছেন, আর আমরা ১১ দল ১৯ শতাংশ ভোট পেয়েছি। তাহলে ৭০ শতাংশ মানুষের রায় বাস্তবায়ন করা হবে না কেন?'
শাহজাহান চৌধুরী বলেন, 'যারা ১৮ বছর আমাদের ওপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে এবং জামায়াতের নেতাদের সাজা দিয়েছে, তাদের বিচার বাংলার মাটিতে হতে হবে।'
শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে তিনি বলেন, 'শরিফ ওসমান হাদির বিচার বাংলার মাটিতে হতে হবে। কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া যাবে না।'
সমাবেশ থেকে ছাত্রশিবির নেতা ফয়সাল শান্তর নামে চট্টগ্রামে আরও একটি উড়ালসেতুর নামকরণের দাবি জানান শাহজাহান চৌধুরী। তিনি বলেন, 'চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও সিডিএকে অনুরোধ করব, এক সপ্তাহের মধ্যে ফয়সাল শান্তর নামে আরেকটি উড়ালসেতুর নামকরণ করার উদ্যোগ নিতে।'
