শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরে আসার আহ্বান শফিকুর রহমানের
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে 'ভুল রাজনীতির খেলা' থেকে সরে এসে মেধাকে সম্মান দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, 'সরকারি চাকরিতে প্রবেশ রাজনৈতিক আনুগত্যের বিষয় নয়। একজন নাগরিক হিসেবে চাকরিপ্রার্থীর মেধা ও যোগ্যতাই হওয়া উচিত একমাত্র বিবেচ্য বিষয়। ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের এই অপকর্ম পরিত্যাগ করুন। ফ্যাসিবাদ আমলের অনুরূপ যেকোনো কূটতৎপরতা জনগণ সহ্য করবে না।'
তিনি আরও বলেন, 'জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে। ছাড় দিলে বাংলাদেশ মেধাহীন ফ্যাসিবাদের অভয়ারণ্যে পরিণত হবে। ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই।'
