ভোটাধিকার রক্ষায় জনগণকে এগিয়ে আসার আহ্বান মির্জা আব্বাসের
ভোটাধিকার রক্ষায় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের দলের প্রার্থী মির্জা আব্বাস।
তিনি বলেন, 'আগামী ১২ তারিখের ভোট দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভোটাধিকার রক্ষায় জনগণকে এগিয়ে আসতে হবে।'
সোমবার (২৬ জানুয়ারি) শাহবাগ থানার ৩৭ নং ওয়ার্ডে গণসংযোগ এবং বিআইডব্লিউটিসি শ্রমিক দল আয়োজিত নির্বাচনি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় মির্জা আব্বাস বলেন, 'বিএনপি আন্দোলন করছে। জনগণকে সঙ্গে নিয়ে নিজ শক্তিতে বলীয়ান হয়ে উঠেছে।'
তিনি বলেন, 'আমাদের জোট ও সহযোগী দল থাকলেও বিএনপির শক্তিকে ভয় পেয়ে কিছু দল আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। ক্ষমতায় যাওয়ার আগেই প্রোপাগান্ডা ও অপপ্রচারের মাধ্যমে আমাদের দোষী সাব্যস্ত করার চেষ্টা চলছে।'
তিনি আরও বলেন, 'গত ১৭ বছরে বিএনপি ক্ষমতার বাইরে থেকেছে, এ সময় নেতা-কর্মীরা শান্তিতে থাকতে পারেনি। প্রায় ৫ হাজার নেতাকর্মী গুম ও হত্যা হয়েছে। এত কিছুর পর যখন নির্বাচন এসেছে, তখন আবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।'
এই বিএনপি নেতা বলেন, 'শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে এই বিএনপি শক্তিশালী ভিতে পরিণত হয়েছে এবং বর্তমানে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন।'
তিনি বলেন, 'আমরা অনেক সময় নেতৃত্বের অভাবে পড়লেও দলের নেতৃত্বে কখনো শূন্যতা তৈরি হয়নি। কখনও খালেদা জিয়া, কখনও তারেক রহমান শূণ্যতা কখনোই বুঝতে দেননি। তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি ও খালেদা জিয়ার মতো অবদান রাখবেন, সে জন্য আপনারা দোয়া করবেন। আমরা নেতা-কর্মীরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব।'
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, 'নিজেদের অধিকার রক্ষার জন্য নিজেদেরকেই কথা বলতে হবে।'
মতবিনিময় সভা শেষে তিনি ২১নং ওয়ার্ডের বিশ্ব সাহিত্য কেন্দ্র গলিতে গণসংযোগ করেন। বিকালে মির্জা আব্বাস বিজয়নগর স্কাউট মার্কেটে নির্বাচনি প্রচারণার ক্যাম্প উদ্বোধন করেন এবং বিজয়নগর বড় রাস্তায় পিঠা উৎসবে অংশ নেন।
রাতে তিনি পল্টন কমিউনিটি সেন্টারে বারবিডাসহ ৫টি ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচনি আলোচনা সভা অংশ নিবেন।
২১নং ওয়ার্ডের বিশ্ব সাহিত্য কেন্দ্র গলিতে গণসংযোগ কালে যুবকদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, 'চাকরিটা বড় বিষয় মনে করলে কেউ কখনো সমস্যার সমাধান করতে পারবে না। চাকরির বাইরে যেসব স্ট্রাকচার বা প্রতিষ্ঠান তৈরি করা যায়, সেগুলোও আমাদের শিখতে হবে। আজ আমি একটা ফ্রিল্যান্সিং ড্যাম্পিং-এ গিয়েছিলাম। সেখানে ছেলেরা এমন ধরনের প্রশ্ন করেছিল। তবে এখন ফ্রিল্যান্সিং করে বাংলাদেশে খুব ভালো টাকা আয় করা সম্ভব।'
তিনি বলেন, 'যদি কেউ মন দিয়ে কাজ করে, তাহলে খুব ভালো আয় করতে পারে। শুধুমাত্র চাকরির ওপর নির্ভরশীল হওয়া দরকার নেই। তরুণদের বলি চাকরি সবসময় সমাধান নয়, বরং নিজেকে এমনভাবে তৈরি করো যে তুমি ভবিষ্যতে ১০০ জনকে চাকরি দিতে পারো। নিজের কৌশল, দক্ষতা ও ফিল্ডে নিজেকে উন্নত করো।'
তিনি আরও বলেন, 'নিজেকে নিজের জন্য, পরিবারের জন্য এবং দেশের জন্য উপযুক্ত করে তুলতে হবে। চাকরি বড় বিষয় নয়। হ্যাঁ, তবে দেশ চালানোর জন্য মানুষ দরকার। আমাদের সেখানে যোগ্যতা ও দক্ষতা থাকা উচিত।'
