আইন উপদেষ্টাকে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর কথা না বলার আহ্বান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির
বিচার বিভাগ ও বিচারপতিদের নিয়ে অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকার জন্য আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি সতর্ক করে বলেছেন, বিচার বিভাগ এখন নির্বাহী বিভাগ থেকে পৃথক, তাই আদালত অবমাননা হয় এমন বক্তব্য দেওয়া উচিত নয়।
সোমবার (২২ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে সাধারণ আইনজীবী সমাজ-এর ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিচার বিভাগ ও বিচারপতিদের নিয়ে আইন উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে মাহবুব উদ্দিন খোকন বলেন, 'আইন উপদেষ্টা সম্মানিত মানুষ। তাকে বলব, এখন বিচার বিভাগের আলাদা সচিবালয় হয়েছে। বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়েছে। তাই আদালত অবমাননা হয়, বিচার বিভাগ নিয়ে এমন কথা বলবেন না।'
গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, 'হাইকোর্টের কোনো কোনো বেঞ্চ অস্বাভাবিক জামিন দিয়ে দিচ্ছে। এটা নিয়ে আমি আমার উদ্বেগের কথা মাননীয় প্রধান বিচারপতিকে এর আগে দেখা করে জানিয়েছিলাম; আজও জানিয়েছি।' উপদেষ্টার এই বক্তব্যের জেরেই আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, 'আইন উপদেষ্টার এই বক্তব্য আদালত অবমাননার শামিল। এ বক্তব্যের মাধ্যমে তিনি বিচার বিভাগে হস্তক্ষেপ করেছেন।' তিনি অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান এবং ভবিষ্যতে বিচার বিভাগ নিয়ে কথা বলার সময় আইন উপদেষ্টাকে সতর্ক থাকার পরামর্শ দেন।
সমাবেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিও জানানো হয়। মাহবুব উদ্দিন খোকন বলেন, 'আকাশ অথবা মাটির নিচে, যেখানেই থাকুক, খুনিদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে।'
সমাবেশে অন্যদের মধ্যে সুপ্রিম কোর্ট বারের ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও আইনজীবী হুমায়ুন কবির মঞ্জু বক্তব্য রাখেন।
