স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি: ৩ ঘণ্টা পর শাহবাগ ছাড়ল ছাত্রশক্তি, ১৭ ডিসেম্বর ফের অবরোধ
ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ মোড় অবরোধের প্রায় ৩ ঘণ্টা পর কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তি। তবে দাবি আদায় না হলে আগামী ১৭ ডিসেম্বর আবারও শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে শুরু হওয়া এই অবরোধ বিকেল সাড়ে ৩টার দিকে শেষ হয়। এরপরই মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগ দেন ছাত্রশক্তির নেতাকর্মীরা।
অবরোধ শেষে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ঘোষণা দেন, একই দাবিতে ১৭ ডিসেম্বর আবারও শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করা হবে।
সমাবেশে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেন ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। তিনি বলেন, 'বাংলাদেশের কোনো মানুষ গুলি খাওয়ার জন্য জুলাই বিপ্লব করেনি। আমরা ওই সংস্কৃতিকে 'না' বলার জন্যই জুলাইতে রক্ত দিয়েছি। নির্বাচন কমিশনারকে অবশ্যই তার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং তাকে ক্ষমা চাইতে হবে।'
এর আগে বেলা সাড়ে ১২টায় শাহবাগ চত্বরে অবস্থান নিয়ে ব্লকেড কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় বিক্ষোভকারীরা 'অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', 'হাদির ওপর গুলি কেন, প্রশাসন জবাব চাই', 'এক-দুই-তিন-চার, জাহাঙ্গীর তুই গদি ছাড়' সহ নানা স্লোগান দিতে থাকেন। তারা দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেন।
এদিকে শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও দেশবিরোধী আইনের অবসানের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রশক্তি। বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, জাবি প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢামেক ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য আজ (সোমবার) দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।
