চট্টগ্রামে শতবর্ষী কালী মন্দিরে স্বর্ণ ও টাকা চুরির ঘটনায় গ্রেপ্তার ২
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন সদরঘাট এলাকার শতবর্ষী কালী মন্দিরে চুরির ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার (৯ নভেম্বর) নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন আবুল হোসেন ও আরমান হোসেন। তাদের বাড়ি পটুয়াখালী হলেও তারা দীর্ঘদিন ধরে নগরের উত্তর কাট্টলিতে বসবাস করছিলেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, "রোববার চুরি করা স্বর্ণালংকার বিক্রির চেষ্টা করছিল চোর চক্রের এক সদস্য। কাট্টলীর একটি স্বর্ণের দোকানে বিক্রি করতে গেলে দোকানির সন্দেহ হয় এবং তিনি পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদে করে, পরে সে চুরির বিষয়টি স্বীকার করে।"
তার দেওয়া তথ্য অনুযায়ী কাট্টলী ওভারব্রিজের নিচ থেকে কয়েকটি স্বর্ণালংকার উদ্ধার করা করে পুলিশ।
ওসি জানান, তাদের হেফাজত থেকে দুইটি গলার হার ও দুইটি কানের দুলসহ মোট ২ ভরি ৪ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
এর আগে শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে মন্দিরের টিনের চাল ভেঙে এবং কাচের ভেন্টিলেটর কেটে ভিতরে প্রবেশ করে চোর। এ সময় কালিমূর্তির মাথায় থাকা প্রতিটি চার ভরি ওজনের একটি স্বর্ণ ও একটি রুপার মুকুট, এক জোড়া কানের দুল, দুই ভরি ওজনের লকেটসহ চেইন, চার ভরি ওজনের রূপার মুণ্ডমালা ও চার আনা ওজনের স্বর্ণের লকেট চুরি হয়। এছাড়া দানবাক্স ভেঙে সমবেত ভক্তদের দেওয়া প্রায় এক লাখ টাকাও নিয়ে যায় চোর।
