রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নবনিযুক্ত চেয়ারম্যান আহসান হাবিব রাজস্ব প্রশাসনের কর্মকর্তাদের সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, কর্মকর্তারা সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের সাথে দায়িত্ব পালন করলে নতুন অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।
আজ মঙ্গলবার (৩০ জুন) ঢাকার আগারগাঁওয়ে এনবিআর সদর দপ্তরে সংস্থাটির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এর আগে এনবিআর কার্যালয়ে পৌঁছালে কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। এসময় তিনি উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
উল্লেখ্য, আগামীকাল বুধবার থেকে শুরু হতে যাওয়া ২০২৬–২৭ অর্থবছরের জন্য যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা বিদায়ী অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪০ শতাংশ বেশি। দেশের ইতিহাসে এত উচ্চ হারে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণের আর কোনো নজির বা রেকর্ড নেই।
