বাজেট ২০২৬-২৭: ভর্তুকিতে বরাদ্দ কমছে, বাড়ছে প্রণোদনায়
চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দের তুলনায় আগামী অর্থবছরের বাজেটে ভর্তুকি বরাদ্দ কমতে পারে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এমনকি গত অর্থবছরে ভর্তুকিতে প্রকৃত ব্যয়ের তুলনায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রায় ১৯,০০০ কোটি টাকা বরাদ্দ কমতে পারে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইরান যুদ্ধের সমাপ্তি হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও সারের দাম কমে যাবে-এই আশায় চলতি অর্থবছরের সংশোধিত বাজেট বরাদ্দের তুলনায় ভর্তুকিখাতে ব্যয় কমবে বলে মনে করছেন তারা। এছাড়া, আগামী অর্থবছরে গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়ে আরও সমন্বয় করতে পারে সরকার।
গত ২০২৪-২৫ অর্থবছরে ভর্তুকিতে সরকারের ব্যয় হয়েছে ১ লাখ ৮ হাজার ৬৭৩ কোটি টাকা। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভর্তুকিতে মোট বরাদ্দ রাখা হতে পারে ৮৯ হাজার ৫৩৮ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এখাতে বরাদ্দ রয়েছে ৯৫ হাজার ৩১ কোটি টাকা। এ বছরের মূল বাজেটে ভর্তুকিতে বরাদ্দ ছিল ৮৮ হাজার ৯২০ কোটি টাকা।
মূলত গ্যাস, বিদ্যুৎ ও খাদ্যে ভর্তুকিকে বাজেটে ভর্তুকি হিসেবে ধরে থাকে অর্থ মন্ত্রণালয়। কৃষিখাতে দেওয়া ভর্তুকি সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ দেখানো হয়। খাদ্যে ভর্তুকির কিছু অংশ সামাজিক নিরাপত্তাখাতে ও কিছু ভর্তুকিখাতে বরাদ্দ রাখা হয়।
এদিকে, আগামী অর্থবছর রপ্তানি প্রণোদনা, পাট রপ্তানিখাতে প্রণোদনা ও রেমিট্যান্স এর প্রণোদনা হিসেবে বরাদ্দ রাখা হতে পারে ১৬,০২৫ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটে এখাতে বরাদ্দ রয়েছে ১৫ হাজার ২২৫ কোটি টাকা।
