আসন্ন বাজেটে চার স্তরেই বাড়ছে সিগারেটের দাম
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে 'সিন ট্যাক্স' আরোপের অংশ হিসেবে চার স্তরের সিগারেটের দামই উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্র জানায়, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আগামীকাল বুধবার (১১ জুন) তাঁর বাজেট বক্তৃতায় সিগারেটের এই নতুন মূল্য তালিকা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।
প্রস্তাবিত পরিবর্তন অনুযায়ী, বাজারে থাকা নিম্ন স্তরের সিগারেটের দাম সবচেয়ে কম বাড়ছে। বর্তমানে ১০ শলাকার এক প্যাকেট নিম্ন স্তরের সিগারেটের মূল্য ৬০ টাকা, যা মাত্র ২ টাকা বাড়িয়ে ৬২ টাকা নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে।
মধ্যম স্তরের ১০ শলাকার এক প্যাকেট সিগারেটের দাম বর্তমানের ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি, উচ্চ স্তরের সিগারেটের দাম প্রতি প্যাকেট ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা হতে পারে।
এবারের বাজেটে সবচেয়ে বড় মূল্যবৃদ্ধি প্রস্তাব করা হয়েছে প্রিমিয়াম বা অতি-উচ্চ স্তরের সিগারেটের ক্ষেত্রে। এই স্তরে ১০ শলাকার এক প্যাকেট সিগারেটের দাম বর্তমানের ১৮৫ টাকা থেকে একলাফে ২৫ টাকা বাড়িয়ে ২১০ টাকা করা হতে পারে।
বাজেট প্রস্তাবনা বিশ্লেষণ করে দেখা যায়, অন্য তিনটি স্তরের তুলনায় নিম্ন স্তরের সিগারেটের দাম বৃদ্ধির হার বেশ সীমিত বা নামমাত্র। যেখানে বাকি তিনটি স্তরে প্রতি প্যাকেটে দাম ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, সেখানে নিম্ন স্তরে বাড়ানো হয়েছে মাত্র ২ টাকা।
