ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
নগদ অর্থের ব্যবহার কমিয়ে আনতে ও ডিজিটাল লেনদেনের সুবিধা প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) কোম্পানির প্রধান কার্যালয়ে 'ক্যাশলেস বাংলাদেশ ইউনিট' স্থাপনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আজ সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, ব্যাংকের ক্ষেত্রে উক্ত ইউনিটের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন পেমেন্ট সিস্টেম কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট উপব্যবস্থাপনা পরিচালক বা সমপর্যায়ের কর্মকর্তা এবং এমএফএস, পিএসপি ও পিএসও (ডব্লিউএলএমএ)-এর ক্ষেত্রে ইউনিটের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ব্যবস্থাপনা পরিচালকের অব্যবহিত এক ধাপ নিচের সংশ্লিষ্ট কর্মকর্তা।
এতে আরো বলা হয়, ইউনিট প্রধান ব্যতীত উক্ত ইউনিটে ব্যাংকের ক্ষেত্রে কমপক্ষে ৪ জন কর্মকর্তা এবং এমএফএস, পিএসপি ও পিএসওর ক্ষেত্রে কমপক্ষে ২ জন কর্মকর্তাকে বহাল করতে হবে। বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ ও সমন্বয়ের জন্য ব্যাংকের ক্ষেত্রে ইউনিটের ফোকাল পয়েন্ট কর্মকতা হবেন উপমহাব্যবস্থাপক বা সমপর্যায়ের কর্মকতা এবং এমএফএস, পিএসপি ও পিএসওর ক্ষেত্রে ইউনিটের ফোকাল পয়েন্ট কর্মকতা হবেন ব্যবস্থাপনা পরিচালকের অব্যবহিত দুই ধাপ নিচের কর্মকর্তা।
সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ, প্রতিবেদন প্রস্তুতি ও সমন্বয়ের জন্য ব্যাংকের ক্ষেত্রে ইউনিটের সহকারী ফোকাল পয়েন্ট কর্মকতা হবেন ন্যূনতম সিনিয়র প্রিন্সিপাল অফিসার বা সমপর্যায়ের কর্মকর্তা এবং এমএফএস, পিএসপি ও পিএসওর ক্ষেত্রে ইউনিটের সহকারী ফোকাল পয়েন্ট কর্মকর্তা হবেন ব্যবস্থাপনা পরিচালকের অব্যবহিত তিন ধাপ নিচের কর্মকর্তা।
ক্যাশলেস বাংলাদেশ ইউনিটের কর্মপরিধি
ডিজিটাল পেমেন্ট বিস্তারে বাংলা কিউআর, পিওএস, অনলাইন ও কার্ড পেমেন্ট সম্প্রসারণে লক্ষ্যভিত্তিক কর্মপরিকল্পনাসহ স্বীয় রোডম্যাপ প্রণয়ন, পরিমার্জন, সংশোধন, হালনাগাদকরণ ও প্রণীত কর্মপরিকল্পনার বাস্তবায়ন করতে হবে।
তাছাড়া দেশব্যাপী বাংলা কিউআর চ্যানেলে মার্চেন্ট অনবোর্ডিং কার্যক্রমকে বেগবান করতে হবে। ব্যাংকসমূহের শাখা পর্যায়ে নিজস্ব অ্যাপে গ্রাহকের নিবন্ধন ও মার্চেন্ট অনবোর্ডিং কার্যক্রম নিয়মিতভাবে তদারকি ও রিপোর্টিং করতে হবে।
নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তাগণের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি সংক্রান্ত কার্যাবলী;
#বাংলা কিউআর-সহ সকল ডিজিটাল লেনদেন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রচার প্রচারণা, ক্যাম্পেইন, সেমিনার পরিচালনা সংক্রান্ত কার্যাবলী।
#ডিজিটাল লেনদেনে গ্রাহক সুরক্ষা, অভিযোগ নিষ্পত্তি, ঝুঁকি প্রশমন, সচেতনতা কার্যক্রম এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার সমন্বয় সাধন।
পরিপূর্ণ পেমেন্ট ইকোসিস্টেম গঠনের লক্ষ্যে খাতভিত্তিক সাপ্লাই চেইন পেমেন্ট মডেল উদ্ভাবন ও বাস্তবায়ন সংক্রান্ত কার্যাবলি;
#ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের আওতায় কর্মপরিকল্পনাসমূহ বাস্তবায়ন বিষয়ে একটি স্বতন্ত্র বাৎসরিক প্রতিবেদন প্রস্তুতপূর্বক পরিচালনা পর্ষদে উপস্থাপন এবং মার্চ মাসের শেষ কর্মদিবসের মধ্যে পর্ষদ সভার সংশ্লিষ্ট কার্যবিবরণীসহ উক্ত প্রতিবেদনের কপি এ বিভাগে দাখিলকরণ, এবং
#ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ, স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা, বাণিজ্য সংগঠন ও অন্যান্য সরকারি-বেসরকারি অংশীজনের সঙ্গে সমন্বয় সাধন।
আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে ব্যাংক, এমএফএস, পিএসপি, পিএসও প্রতিষ্ঠানকে নির্দেশনা মোতাবেক 'ক্যাশলেস বাংলাদেশ ইউনিট' স্থাপনপূর্বক ইউনিটের তথ্য ব্যবস্থাপনা পরিচালক কিংবা প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে ফরোয়ার্ডিং লেটার-সহকারে সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে বলার নির্দেশনা দেওয়া হয়েছে।
