মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও স্থিতিশীল দেশের ডলার বাজার
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের বাজারে ডলারের বিনিময় হার এখন পর্যন্ত স্থিতিশীল পর্যায়ে রয়েছে। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের বিনিময় হার ১২২ টাকা ৩০ পয়সায় অপরিবর্তিত রয়েছে।
দেশের বৈদেশিক মুদ্রা বাজারের বর্তমান অবস্থা সম্পর্কে একটি বেসরকারি ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "যুদ্ধ যদি স্বল্প সময়ের জন্য হয় তাহলে মার্কেটে তেমন একটা প্রভাব পড়বে না। তবে যুদ্ধ যদি লম্বা সময়ের জন্য হয় তাহলে ডলার বাজারে এক ধরনের প্রভাব পড়বে।"
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে সিরিজ হামলা চালায় ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। এর পরদিন সকালে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এই ঘটনার জেরে মধ্যপ্রাচ্যের অস্থিরতা বর্তমানে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে উদ্বেগের সৃষ্টি করেছে।
ডলারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বা প্রবাসী আয় আসার পরিমাণ আগের চেয়ে অনেক বেড়েছে। ডলারের বাজারে এই স্বস্তির কারণে কেন্দ্রীয় ব্যাংক নিয়মিতভাবে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কিনছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, কেন্দ্রীয় ব্যাংক এ পর্যন্ত নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে মোট ৫ দশমিক ৩৯ বিলিয়ন ডলার ক্রয় করেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, রেমিট্যান্সের উচ্চপ্রবাহ এবং কেন্দ্রীয় ব্যাংকের নিয়মিত বাজার তদারকির ফলে মধ্যপ্রাচ্যের সংকটময় পরিস্থিতিতেও দেশের ডলারের বাজার এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে।
