অভিনেতা আসিফ বসরার রহস্যজনক মৃত্যু, আবারও ‘আত্মহত্যা’র থাবা বলিউডে?
আবারও বড় ধাক্কা বলিউডে। উদ্ধার অভিনেতা আসিফ বাসরার ঝুলন্ত দেহ। ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালার এক আবাসন থেকে বৃহস্পতিবার তার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও ফরেনসিক কর্মকর্তারা।
অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। কাংড়ার এসএসপি বিমুক্ত রঞ্জন জানিয়েছেন, 'ধর্মশালার একটি প্রাইভেট কমপ্রেক্সে আসিফ বসরার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তদন্ত শুরু হয়েছে'।
বলিউডের অতি পরিচিত মুখ আসিফ বসরা। 'যব উই মেট', 'ওয়ান্স আপোন অ্যা টাইম ইন মুম্বাই', 'এক ভিলেন', 'কৃশ ৩', 'কাই পো ছে'র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
সম্প্রতি আমাজন প্রাইমের ওয়েব সিরিজ 'পাতাল লোক' এবং ডিজনি প্লাস হটস্টারের হস্টেজের দু নম্বর সিজনে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন আসিফ। শুধু ভারতীয় ছবিই নয়, 'ওয়ান নাইট উইথ দ্য কিং', 'কুইকস্যান্ড অ্যান্ড আউট সোর্সড'-এর মতো বেশ কিছু বিদেশি প্রজেক্টেও অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।
প্রাথমিক তদন্তে অনুমান, আত্মহত্যা করেছেন আসিফ। নিউজ এইন্টিনের প্রতিবেদনে জানানো হয়েছে, ধর্মশালার ম্যাকলিয়ড গঞ্জে একটি আবসানে গত পাঁচ বছর ধরে ভাড়া ছিলেন এই অভিনেতা। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই নাকি অবসাদে ভুগছিলেন তিনি।
এক বিদেশি মহিলার সঙ্গে ওই অ্যাপার্টমেন্টে আসিফ থাকতেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালেও নিজের পোষা কুকুরকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে এসেই নাকি তিনি আত্মঘাতী হন! যদিও বাড়ি থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি বলেই খবরে প্রকাশ।
গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু ভারত-সহ বিশ্বের নানা প্রান্তের বলিউড ভক্তদের নাড়িয়ে দিয়েছে। তার মৃত্যুর সুবিচার চেয়ে এখনো সোশ্যাল মিডিয়ায় সরব প্রতিবাদী ভক্তরা। এর মাঝেই সুশান্তের 'কাই পো ছে'র সহ-অভিনেতার মৃত্যুর খবর ফের নাড়িয়ে দিল বলিউডকে!
- নোট: শিরোনাম, ভাষা ও বাক্য বিন্যাস কিঞ্চিৎ পরিমার্জিত
