নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ওই আসনে জামায়াতে ইসলামীর পরাজিত প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
আবেদনের শুনানি শেষে আজ বুধবার (২২ এপ্রিল) উল্লিখিত আসনের ব্যালট পেপার, ফলাফল শিটসহ সব নথি হেফাজতে নিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসন থেকে প্রার্থী হয়েছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তবে, ৩৩ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের কাছে পরাজিত হন তিনি।
