টিপু হত্যাকাণ্ডের প্রধান আসামি মুসাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে
মতিঝিলে অওয়ামী লীগ নেতা টিপু ও কলেজছাত্রী প্রীতি হত্যার অন্যতম আসামি সুমন শিকদার মুসাকে ওমান থেকে ফিরিয়ে আনা হয়েছে।
বাংলাদেশ পুলিশের তিন সদস্যদের একটি দল তাকে আজ সকালে ফিরিয়ে আনে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম।
তিনি জানান, "গত রোববার বাংলাদেশ পুলিশের একটি দল তাকে ফিরিয়ে আনতে ওমানে গিয়েছিল। ওমান পুলিশ ও আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মুসা সম্পর্কে তথ্য দেওয়া ছিল। প্রথমে ইন্টারপোল মুসাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। পরে ওমান পুলিশের সঙ্গে আমাদের যোগাযোগ হয়। তাকে ফেরত আনতে আমরা সব প্রক্রিয়াও শেষ করি।"
মহিউল ইসলাম বলেন, "মুসাকে শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হবে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজই তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে।"
যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যায় জড়িত থাকার অভিযোগের প্রতিশোধ হিসেবে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে হত্যা করা হয়।
টিপুকে হত্যার জন্য সন্ত্রাসীদের সঙ্গে ১৫ লাখ টাকার চুক্তি করা হয় এবং হত্যার মিশনটি দুবাই থেকে পর্যবেক্ষণ করা হয়। হত্যার মূল পরিকল্পনাকারী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে আওয়ামী লীগের ১০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওমর ফারুক (৫২)।
র্যাব জানায়, হত্যার ১২ দিন আগে ওমর ফারুক দুবাই গিয়েছিলেন। এরপর তিনি গোটা হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং বন্দুকধারী নিয়োগের জন্য দুবাইয়ে 'বোচা বাবু' হত্যা মামলার আসামি সুমন সিকদার মুসা নামে একজনের সঙ্গে যোগাযোগ করেন।
হত্যার আগে খুনি নাসির উদ্দিন, কাইল্লা পলাশসহ বেশ কয়েকজন জাহিদুল ইসলাম টিপুর অবস্থান সম্পর্কিত তথ্য মুসার কাছে পাঠিয়েছিল।
এ পর্যন্ত অভিযুক্ত মাস্টারমাইন্ড ফারুকসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত অন্যরা হলেন- আবু সালেহ সিকদার ওরফে শুটার সালেহ (৩৮), নাসির উদ্দিন ওরফে কিলার নাসির (৩৮) ও মোরশেদুল আলম ওরফে কাইল্লা পলাশ (৫১)।
গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় মতিঝিল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু (৫৮)কে গুলি করে হত্যা করা হয়।
গুলিতে সামিয়া আফনান (২২) নামে এক কলেজ ছাত্রীও নিহত হয়। ওই সময় যানজটে আটকে থাকা রিকশায় ছিলেন তিনি। এ ঘটনায় জাহিদুলের মাইক্রোবাসের চালক আহত হন।
