সিলেটে পুলিশ-আন্দোলনকারীদের সংঘর্ষ, গুলিবিদ্ধ দৈনিক কালবেলার সাংবাদিক
সিলেটে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের সময় দায়িত্বপালনকালে গুলিবিদ্ধ হয়েছেন দৈনিক কালবেলা'র সিলেট ব্যুরোর প্রধান মিঠু দাস।
ছররা গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে আজ সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে গণমাধ্যমটির অনলাইন – কালবেলা ডটকমের এক সংবাদে জানানো হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) বিকাল ৩টার দিকে সিলেটের সুরমা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মিঠু দাস জয় তিনটি ছররা গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।
কালবেলা ডটকমের প্রতিবেদন থেকে জানা যায়, কোটাসংস্কার আন্দোলনকারীদের একটি মিছিল সিলেট নগরীর সুরমা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক গিয়ে– আবার সুরমা আসার সময় পেছন থেকে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করলে সুরমা ও আখালিয়া এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ হয়ে পরে। পরে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। এদিকে সুরমা এলাকাস্থ মাউন্ড এডোরা হাসপাতালে আন্দোলনকারীরা অবস্থান নিলে পুলিশ সেখানে হামলা করে। তাছাড়া পুলিশকে আশপাশের বাসা-বাড়িতে হামলা করতে দেখা যায়।
আন্দোলনকারী শিক্ষার্থী ফয়সাল হোসেনকে উদ্ধৃত করে কালবেলা জানিয়েছে, 'আমাদের ওপর নির্বিচারে পুলিশ পেছন থেকে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে। এতে আমাদের বেশকিছু নারী শিক্ষার্থীসহ প্রায় ১০০ জনের অধিক আহত ও ৮ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।'
গুলি চালানোর বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ গণমাধ্যমটিকে বলেন, 'রাস্তা ব্লক করে আন্দোলনের সময় শিক্ষার্থীরা হামলা করে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল, ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। তা ছাড়া আমরা ৮ দুষ্কৃতিকারীকে আটক করেছি। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করছি।'
