জাবি উপাচার্যকে অবরুদ্ধ, ছাত্রলীগ নেত্রীকে নিয়োগ না দেওয়াই কারণ!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস এর শিক্ষক নিয়োগ বোর্ডে বাধা দিয়েছে শাখা ছাত্রলীগ। এছাড়া উপাচার্যকে তার কার্যালয়ে দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়। জানা গেছে, রসায়ন বিভাগে ছাত্রলীগ নেত্রীকে নিয়োগ না দেওয়াতেই অবরোধের ঘটনা ঘটেছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।
জানা যায়, রিমোট সেনসিং এন্ড জিআইএস ইন্সটিটিউটের একজন শিক্ষক নিয়োগের জন্য বোর্ড শুরু হওয়ার কথা ছিলো সকাল দশটায়। এ সময় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এসে প্রার্থীদের বের করে উপাচার্য অফিস অবরোধ করেন। পরে দুপুর ১২ টায় উপাচার্যের সচিব গৌতম কুমার বিশ্বাস এসে প্রার্থীদের জানান, আজকের মত বোর্ড স্থগিত। প্রার্থীদের পরবর্তীতে এ ব্যাপারে জানানো হবে।
পরে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের সাথে বৈঠকে বসেন উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো: মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার ও বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা সভায় উপস্থিত ছিলেন।
প্রায় দুই ঘন্টা সভা শেষে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, শিক্ষক নিয়োগের বেলায় কোন প্রকার স্বজনপ্রীতি ও স্বাধীনতাবিরোধী কাউকে আমরা চাকরিতে দেখতে চাই না। স্বাধীনতার পক্ষের যোগ্য প্রার্থীরা নিয়োগ পাবেন এটাই আমরা চাই।
তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় রসায়ন বিভাগের তিন প্রভাষককে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যে নবনিযুক্ত প্রভাষকরা বিভাগে চাকুরিতে যোগদান করেছেন। তবে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদিয়া আফরিন পাপড়িকে নিয়োগ না দেয়ায় উপাচার্য অফিস অবরোধ করেছে নেতাকর্মীরা।
রসায়ন বিভাগ সূত্রে জানা গেছে, নবনিযুক্ত তিনজন প্রভাষক ৩৯ ব্যাচ, ৪২ ব্যাচ ও ৪৪ ব্যাচের শিক্ষার্থী৷ তারা প্রত্যেকেই নিজ বর্ষে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তবে ছাত্রলীগের সহ-সভাপতি পাপড়ি স্নাতকে পঞ্চম ও স্নাতকোত্তরে তৃতীয় স্থান অর্জন করেছেন। এছাড়া তার বিরুদ্ধে তৃতীয় বর্ষের পরীক্ষায় নকল করে বহিস্কৃত ও প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এদিকে রিমোট সেনসিং এন্ড জিআইএস ইনস্টিটিউটের নিয়োগ বোর্ডের সাক্ষাৎকার স্থগিত হওয়ায় অসুবিধায় পড়েছেন অংশ নিতে আসা প্রার্থীরা। প্রায় দুই ঘন্টা বসে থাকার পর সাক্ষাৎকার না দিয়েই তারা ফিরে গেছেন। রাজধানীর খিলগাঁও থেকে পরীক্ষা দিতে আসা সুজন বলেন, আমি অফিস থেকে ছুটি নিয়ে পরীক্ষা দিতে এসেছি। লম্বা সময় অপেক্ষা করার পর শুনি ভাইভা হবে না। এটা কোনভাবেই কাম্য নয়।
ইন্সটিটিউট অব রিমোট সেন্সিং এর পরিচালক অধ্যাপক শেখ তৌহিদুল ইসলাম বলেন, আমাদের বিভাগের জন্য শিক্ষক নিয়োগ খুবই জরুরি ছিল। একটি শুন্য পদের বিপরীতে ২৩ জন ক্যান্ডিডেট ছিল। তবে বোর্ড স্থগিত হওয়া খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মো: নূরুল আলম বলেন, ছাত্রলীগ যে দাবি জানিয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সে দাবির সাথে পুরোপুরি একমত। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা বিভাগের সবোর্চ্চ ফলাফলধারীকেই অগ্রাধিকার দিচ্ছি। আমি দায়িত্বে থাকা অবস্থায় অন্তত ৪০ জন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। এক্ষেত্রে স্বাধীনতার বিপক্ষের কেউ নিয়োগ পায়নি।
