সুদান ফেরত কর্মীদের জামানতবিহীন ঋণ দেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
সাম্প্রতিক সময়ে সুদানে গৃহযুদ্ধের প্রেক্ষিতে দেশে ফেরত বাংলাদেশি কর্মীদের ব্যবসা করার জন্য প্রয়োজনীয় আর্থিক সুবিধা অথবা নতুন কোনো দেশে গমনের ক্ষেত্রে সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
যে সকল কর্মী দেশে ব্যবসা-বাণিজ্য করতে আগ্রহী তাদেরকে বাংলাদেশ ব্যাংকের বিধান প্রতিপালন সাপেক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংক হতে বিনা জামানতে ৩ লাখ টাকা, সহ-জামানতে ৫ লাখ টাকা এবং জামানতসহ ৫০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ ঋণ প্রদান করা হবে বলে সোমবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।
প্রত্যাগত বাংলাদেশি কর্মীদের আর্থসামাজিক পুনর্বাসনের উদ্দেশ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এছাড়া সুদান ফেরত যেসব কর্মী পুনরায় বিদেশ যেতে চান, প্রয়োজনীয় যোগ্যতাসাপেক্ষে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তাদের পছন্দের দেশে গমনের ক্ষেত্রে সহযোগিতা প্রদান করা হবে।
বিশেষ করে সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) জর্ডান, দক্ষিণ কোরিয়া এবং অন্য যেসব দেশে কর্মী পাঠায় সেখানে অগ্রাধিকার ভিত্তিতে তাদের নেয়া হবে।
আগ্রহী কর্মীদের বিনামূল্যে দক্ষতা উন্নয়ন/ উদ্যোক্তা প্রশিক্ষণ/ কাউন্সেলিং প্রদান করা হবে।
বাংলাদেশ সরকার সুদান থেকে এখন পর্যন্ত সাত শতাধিক প্রবাসী বাংলাদেশীদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করেছে।
সভায় মন্ত্রী বলেন, "পুনর্বাসনের লক্ষ্যে গৃহীত উদ্যোগসমূহ কার্যকরভাবে বাস্তবায়নের জন্য প্রত্যাগত কর্মীদের সাথে যোগাযোগপূর্বক আগামী ১৫ কার্যদিবসের মধ্যে একটি তথ্যভান্ডার প্রস্তুত করা হবে।"
"এ বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড/ সংশ্লিষ্ট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ প্রত্যাগত কর্মীদের সাথে যোগাযোগ করবেন," যোগ করেন তিনি।
এ ব্যাপারে সুদান প্রত্যাগত সকলকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী।
বিস্তারিত তথ্যের জন্য প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
