বেগুনের সেঞ্চুরি
রোজার দুই-তিন দিন আগেও বেগুনের দাম ছিল ৬০ থেকে ৭০ টাকা কেজি। অথচ আজ প্রথম রোজার দিন রাজধানীর বাজারে ১০০ টাকা কেজি দাম হাঁকিয়েছে বেগুন।
সকাল ১১টায় রাজধানীর বড় মগবাজার চারুলতা মার্কেট কাঁচাবাজার, সেগুন বাগিচা বাজারে গিয়ে দেখা যায়, বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে। তবে কারওয়ান বাজারে বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি।
বড় মগবাজার চারুলতা বাজারের সবজি বিক্রেতা জহিরুল ইসলাম বলেন, 'সকাল থেকেই বেগুনের দাম বেশি। ভোরেই আজ কারওয়ান বাজারের পাইকারি আড়তদাররা বেগুনের দাম বেশি নিয়েছে, তাই আজ আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।'
রজমানে ইফতার আইটেমে বেগুনের ব্যবহার বেশি হওয়ায় এর দাম ও চাহিদা বেড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
বড় মগবাজার চারুলতা মার্কেট কাঁচাবাজারে প্রতি হালি লেবু ৬০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি করলা ১০০ টাকা, হাইব্রিড শসা ৬০ টাকা, দেশি শসা ৮০ টাকা, বরবটি ১২০ টাকা, কচুর লতি ১০০ টাকা, ঝিঙ্গে ৬০ টাকা, গাজর ৬০ টাকা ও টমেটো ৪০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে।
এছাড়াও আলু প্রতি কেজি ২৫ টাকা দামে বিক্রি করা হচ্ছে, যা দুই-একদিন আগেও ১৮ থেকে ২০ টাকায় পাওয়া যেত।
