হাসপাতাল থেকে পালিয়ে করোনা রোগীর 'আত্মহত্যা'
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া এক কোভিড-১৯ রোগী শনিবার 'আত্মহত্যা' করেছেন। আদাবরে ওই ব্যক্তির বাসার কাছের একটি গাছ থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।
মৃত ব্যক্তি ওই এলাকার এক বাসার কেয়ারটেকার আবদুল মান্নান খন্দকার। পুলিশ বলছে, ওই ব্যক্তির পরিবারের আরও তিন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত। তাদের হোম আইসোলেশনে রাখা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার রওশনুল হক বলেছেন, মুগদা হাসপাতালে ভর্তি হওয়ার চারদিন পর, শুক্রবার রাতে ওই ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান। শনিবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মান্নানের পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হতাশায় ভুগছিলেন তিনি।
আদাবর পুলিশ স্টেশনের সাব-ইন্সপেক্টর আবদুল মমিন বলেন, ১৩ জুন মান্নানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার দু'দিন পর তাকে মুগদা হাসপাতালে ভর্তি করানো হয়। তার স্ত্রী ও সুই সন্তানও ভাইরাসটিতে আক্রান্ত।
শুক্রবার রাতে স্ত্রীকে ফোন করে শ্বাসকষ্টের কথা বলেছিলেন মান্নান। তিনি বোধহয় আর বাঁচবেন না, স্ত্রীর কাছে এমন আশঙ্কাও প্রকাশ করেছিলেন।
এটিই ছিল তাদের শেষ আলাপ। এর পর থেকে মান্নানের সেলফোনটি বন্ধ পাওয়া যায়।
সে রাতেই হাসপাতাল থেকে পালিয়ে এসে আত্মহত্যা করেছেন মান্নান, প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
