শিশুদের টিফিনের টাকায় লাখো গাছ
রাজশাহীর বাঘা ও চারঘাটা উপজেলায় এক দিনেই রোপণ করা হয়েছে ১ লাখ ৫ হাজার গাছ। এজন্য নিজেদের একদিনের টিফিনের টাকায় শিক্ষার্থীরা এসব গাছ রোপণ করে।
বিশ্ব ওজোন দিবস উপলক্ষে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় চারঘাট পাইলট উচ্চবিদ্যালয় ও বাঘা মডেল উচ্চবিদ্যালয় মাঠে আলাদা দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। “সবুজের জয়গানে, এসো মিলি প্রাণে প্রাণে” স্লোগানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে পালিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি।
‘এক দিনের টিফিনের পয়সা বাঁচিয়ে গাছ রোপণ’ আন্দোলনের উদ্যোক্তা বাঘার উদ্যমী তরুণ জুবায়ের আল মাহমুদ। ২০১৫ সাল থেকে তিনি এ আন্দোলন শুরু করেন।
অনুষ্ঠানে জুবায়ের আল মাহমুদ বলেন, ’‘আমি মনে করি বাংলাদেশের ৫ কোটি শিক্ষার্থীকে নিয়ে যদি বছরের নির্দিষ্ট একটি দিনে বৃক্ষরোপণ করা যায়, তাহলে খুব সহজে বাংলাদেশ সবুজে পরিণত হবে।”
তিনি জাতীয়ভাবে বৃক্ষরোপণের জন্য ‘জাতীয় বৃক্ষরোপণ দিবস’ ঘোষণা করে বাংলাদেশের সকল শিক্ষার্থীকে নিয়ে বৃক্ষরোপণের দাবি জানান।
অনুষ্ঠানে জুবায়ের আল মাহমুদ জানান, আগামী ২ অক্টোবর পাবনার ঈশ্বরদী এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিক্ষার্থীরা একযোগে আরও ১ লাখ গাছ রোপণ করবে। এ ছাড়া সিলেটের বিয়ানীবাজার ও খুলনার দিঘলীয়া উপজেলায় বৃক্ষরোপণ চলছে।
চারঘাটের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসেন। বাঘার বৃক্ষরোপণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।
