মাঠ প্রশাসনকে সম্মানজনক আচরণের নির্দেশ জনপ্রশাসনের
নাগরিকদের সঙ্গে সম্মানজনক আচরণ করার জন্য মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই নির্দেশনা জেলা প্রশাসকদের (ডিসি) কাছে পাঠিয়েছে। জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
যশোরের মনিরামপুরে মাস্ক ব্যবহার না করায় শুক্রবার তিন বৃদ্ধকে জনসম্মুখে কান ধরিয়ে দাঁড় করিয়ে শাস্তি দেন সহকারী কমিশনার-ভূমি সাইয়েমা হাসান। ওই ঘটনায় তুমুল সমালোচনার মধ্যে সরকার মাঠ প্রশাসনকে এমন নির্দেশনা দিল।
সচিব বলেন, আমরা সকল জেলা প্রশাসকদের বলেছি, এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। বয়োবৃদ্ধ নাগরিক তো অবশ্যই, যেকোনো নাগরিকের সঙ্গে যেন সম্মানজনক আচরণ করা হয়।
তিনি জানান, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজেও জেলা প্রশাসকদের প্রতি নির্দেশনাটি আপলোড করা হয়েছে।
করোনা ভাইরাস মোকাবেলায় জনসমাগম নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসানের নেতৃত্বে শুক্রবার বিকেল থেকে ভ্রাম্যমাণ আদালত মনিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালান। বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চিনাটোলা বাজারে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন প্রথমে দুই বৃদ্ধ। এর মধ্যে একজন বাইসাইকেল চালিয়ে আসছিলেন। অপরজন রাস্তার পাশেই বসে কাঁচা তরকারি বিক্রি করছিলেন। তবে তাদের মুখে মাস্ক ছিল না।
মাস্ক ব্যবহার না করায় শুক্রবার তিন বৃদ্ধকে জনসম্মুখে কান ধরিয়ে দাঁড় করিয়ে শাস্তি দেন মনিরামপুরের ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার-ভূমি সাইয়েমা হাসান বৃদ্ধদের কান ধরে দাঁড় করিয়ে রাখার ছবি নিজেই মোবাইলে ধারণ করেন। ওইদিন রাতেই এ ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে।
ওই ঘটনায় সহকারী কমিশনার-ভূমি সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও কঠোর ব্যবস্থা নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এদিকে, দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ করার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মো. জাবেদ পাটোয়ারী। তিনি ব্যক্তিগতভাবে ইউনিট কমান্ডারদের বৃহস্পতি ও শুক্রবার এ বিষয়ে বার্তা দিয়েছেন।
ওই বার্তায় বলা হয়েছে, 'জনজীবন সচল রাখতে চিকিৎসা, ওষুধ, নিত্যপণ্য, খাদ্যদ্রব্য, বিদ্যুৎ, ব্যাংকিং, মোবাইল ফোনসহ আবশ্যক সব জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করুন। দায়িত্ব পালনকালে সাধারণ জনগণের সঙ্গে বিনয়ী, সহিষ্ণু ও পেশাদার আচরণ বজায় রাখুন।'
