টেকনাফে পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু, আহত ১০
টেকনাফে পাহাড় ধসে দুই শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে টেকনাফ পুরান পল্লান পাড়া ২ নং ওয়ার্ড কোয়েল মসজিদের পশ্চিম পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, টেকনাফের একই এলাকার মুহাম্মদ আলমের মেয়ে আফিয়া (৫) ও রবিউল হাসানের ছেলে মেহেদী হাসান (১০)।
টেকনাফ উপজেলা দূর্যোগ প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কর্মকর্তা আব্দুল মতিন জানান, টেকনাফের পুরান পল্লান পাড়ার মুহাম্মদ আলমের ও রবিউল হাসানরা পাহাড়ের পাদদেশে বাড়ি করে বাস করছিল।
সোমবার দিনগত রাতে থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। মঙ্গলবার ভোররাতে বৃষ্টির তোড়ে তাদের বাড়ির উপর অংশে থাকা পাহাড়টি ধসে পড়ে। এতে দুই বাড়ির দুই শিশু মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। বাকিদের মাটি চাপা থেকে বের করে হাসপাতালে নেয়া হয়।
তিনি আরও বলেন, তার নেতৃত্বে সিপিপি টেকনাফ উপজেলার স্বেচ্ছাসেবকেরা উদ্ধার অভিযানে যায়। পরে ফায়ার সার্ভিসও উদ্ধার কর্মকাণ্ডে অংশ নেয়।
টেকনাফ উপজেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মাঝে দুজন শিশুও রয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত নিয়ে পরে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
টানা বর্ষণের কারণে টেকনাফে পাহাড়ের পাদদেশের বসতঘরগুলো চরম ঝুঁকিতে রয়েছে বলেও জানান ঐ কর্মকর্তা।
