জেনারেল র্যাংক ব্যাজ পরলেন নতুন সেনাপ্রধান
নবনিযুক্ত সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদকে বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে 'জেনারেল' র্যাংক ব্যাজ পরানো হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস ইউএনবিকে বলেন, 'নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান নতুন সেনাপ্রধানকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।'
তিনি বলেন, র্যাংক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী নতুন সেনাপ্রধানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন।
শফিউদ্দিন আহমেদও ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে, ১০ জুন এসএম শফিউদ্দিন আহমেদকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেয় সরকার।
