নতুন সরকারের শপথের পর সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান
নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি বলেন, নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। তবে পুলিশ পুরোপুরি আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সহায়তামূলক ভূমিকায় সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আয়োজিত 'সিএএস দরবার'-এ সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশে কর্মরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
নির্বাচনি দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন সেনাপ্রধান। তিনি বলেন, 'কঠিন ও সংবেদনশীল সময়ে সেনাবাহিনী যে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে, তা দেশের মানুষের আস্থা আরও দৃঢ় করেছে।'
দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে সেনাবাহিনীর ভূমিকার প্রসঙ্গ টেনে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, 'দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশ ও জনগণ সেনাবাহিনীর এই সেবাকে স্মরণ রাখবে।'
তার বক্তব্যে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, 'নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন।'
