অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৩০ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. আবুল হাসনাতের সই করা এক নোটিশে, আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপিসহ সাবেক সেনাপ্রধানকে দুদক প্রধান কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, জেনারেল শফিউদ্দিন ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ উঠেছে, যা বর্তমানে কমিশন অনুসন্ধান করছে। নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য নেওয়া জরুরি। সেই উদ্দেশ্যে প্রয়োজনীয় সব নথিপত্রসহ নির্ধারিত দিনে অনুসন্ধান দলের সামনে তাকে উপস্থিত হতে বলা হয়েছে।
অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানে ইতোমধ্যে দুই সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত দল গঠন করেছে অ্যান্টি-করাপশন কমিশন। অনুসন্ধান কর্মকর্তা ও পরিচালক মো. আবুল হাসনাতের নেতৃত্বে এই টিমে সদস্য হিসেবে রয়েছেন উপপরিচালক মোজাম্মেল হোসেন।
