দেশে সামাজিক সংক্রমণ স্তরে পৌঁছে গেছে করোনা ভাইরাস
বাংলাদেশে করোনা ভাইরাস কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিক সংক্রমণ স্তরে পৌঁছে গেছে বলে জানা গেছে। আজ এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। খবর সময় টিভির।
এদিকে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বেসরকারি এই টেলিভিশন চ্যানেলকে এ কথা জানান মন্ত্রী।
তবে তিনি আশ্বস্ত করে বলেছেন, পরিস্থিতি মোকাবেলায় জেলা পর্যায়ে হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।
বুধবার পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ১৪ জন।
বৈশ্বিক এই মহামারির দাপট কিছুতেই কমছে না। বিশ্বজুড়ে বরং দিন দিন বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ওয়ার্ল্ডোমিটারের লাইভ তথ্যমতে বিশ্বব্যাপী এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৪৭৫ জন। অন্যদিকে মারা গেছেন ৮ হাজার ৯ জন।
ওয়েবসাইটটি জানাচ্ছে, এ পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাস থেকে সেরে উঠেছেন ৮২ হাজার ৮০২ জন। বলা বাহুল্য, এ সবই অফিসিয়াল তথ্য। প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা এর চেয়ে বেশি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
