সিরাজগঞ্জে ট্রেনের সাথে বরযাত্রী মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৯
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সাথে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে নববিবাহিত দম্পতিসহ নয়জনের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সলপ হাটখোলা রেলওয়ে স্টেশনের কাছে পঞ্চক্রোশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান।
তিনি জানান, রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেন পদ্মা এক্সপ্রেসের সাথে বরযাত্রীবাহী এ মাইক্রোবাসের সংঘর্ষে এ নয়জন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহতদের মধ্যে সুমাইয়া খাতুন নামে নববিবাহিত বঁধূর নাম নিশ্চিত করেছেন উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ।
দুর্ঘটনার পর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।
