ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের ওপর কড়া নজরদারি রাখছে। তেহরানের ওই পারমাণবিক স্থাপনার কাছে কেউ যাওয়ার চেষ্টা করলেই ওয়াশিংটন তা জেনে যাবে এবং তাদের 'উড়িয়ে দেওয়া' হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রোববার (১০ মে) সাংবাদিক শেরিল অ্যাটকিনসনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের 'স্পেস ফোর্স' বা মহাকাশ বাহিনী ইরানের পরমাণু কর্মসূচির ওপর সার্বক্ষণিক নজর রাখছে।
ট্রাম্প বলেন, 'আমরা কোনো এক সময় ওই পরমাণু মজুত নিজেদের আয়ত্তে নেব... আমরা সেগুলোর ওপর নজরদারি করছি। আমি 'স্পেস ফোর্স' নামে একটি বাহিনী তৈরি করেছি এবং তারা সেদিকে নজর রাখছে... কেউ যদি ওই জায়গার কাছাকাছি যায়, আমরা তা জেনে যাব—এবং আমরা তাদের উড়িয়ে দেব।'
তিনি আরও বলেন, 'যদি কেউ সেখানে প্রবেশ করে, তবে তারা (স্পেস ফোর্স) আপনাকে তার নাম, ঠিকানা এবং ব্যাজ নম্বর পর্যন্ত বলে দিতে পারবে।'
ইরান যুদ্ধের বর্তমান অবস্থা সম্পর্কে ট্রাম্প দাবি করেন যে, তেহরান সামরিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়েছে। তিনি বলেন, 'তাদের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই, কোনো বিমান বিধ্বংসী অস্ত্র নেই, এমনকি কোনো নেতাও নেই।'
ট্রাম্প অভিযোগ করেন, ইরান বারবার চুক্তির কথা বলে এবং তা ভঙ্গ করে, কিন্তু সামরিকভাবে তারা এখন বিধ্বস্ত। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র যদি আজই ইরান ছাড়ে, তবে নিজেদের পুনর্গঠন করতে তেহরানের অন্তত ২০ বছর সময় লাগবে।
ইরানে সামরিক অভিযান শেষ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাজ এখনো শেষ হয়নি। তিনি বলেন, 'আমরা চাইলে আরও দুই সপ্তাহ অভিযান চালাতে পারি।'
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র সম্ভবত ইরানের ৭০ শতাংশ লক্ষ্যবস্তু ধ্বংস করে দিয়েছে। ট্রাম্প বলেন, 'এটি হবে কেবল চূড়ান্ত কিছু ফিনিশিং টাচ... তবে আমরা যদি তা নাও করি, তবু তাদের ঘুরে দাঁড়াতে ২০ বছর সময় লাগবে।'
ইরানি নেতৃত্বকে 'উন্মাদ' আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কোনোভাবেই তাদের পারমাণবিক অস্ত্রের নাগাল পেতে দেওয়া যাবে না।
ওবামা প্রশাসনের আমলে ২০১৫ সালে সই হওয়া 'জয়েন্ট কমপ্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন' বা ইরান পরমাণু চুক্তির প্রসঙ্গ টেনে ট্রাম্প দাবি করেন, তিনি যদি ওই চুক্তি বাতিল না করতেন, তবে ইরান ইতিমধ্যে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করত।
