কৃষক লীগের সভাপতি সমীর, সাধারণ সম্পাদক কুলসুম
আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন সমীর চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ছেন উম্মে কুলসুম।
বুধবার কৃষক লীগের দশম সম্মেলনের মাধ্যমে এই নেতৃত্ব ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নতুন সভাপতি সমীর চন্দ্র চন্দ এবং সাধারণ সম্পাদক উম্মে কুলসুম দুজনই কৃষক লীগের আগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “১৩ জন সভাপতি এবং ১১ জন সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করা হয়। এনিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করার সিদ্ধান্ত হয়েছে। আশা করি, এই সিদ্ধান্ত সবাই মেনে নেবেন।”
সম্মেলনে আগত কাউন্সিলররা তাতে সমর্থন জানালে ওবায়দুল কাদের বলেন, নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল “কৃষক বাঁচাও ,দেশ বাঁচাও” এই স্লোগান নিয়ে বাংলাদেশ কৃষকলীগ প্রতিষ্ঠা করেন।
আবদুর রব সেরনিয়াবাত ছিলেন কৃষকলীগের প্রথম সভাপতি। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাযজ্ঞের অন্যতম শহীদ।
বাংলাদেশ কৃষক লীগের সর্বশেষ কাউন্সিল ২০১২ সালে ১৯ জুলাই অনুষ্ঠিত হয়, যেখানে মোতাহের হোসেন মোল্লা এবং খন্দকার শামসুল হক রেজা যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
