পুরো উন্মুক্ত মিরপুরের গ্যালারি; কোথায়, কতো দামে মিলবে টিকেট
করোনাভাইরাসের প্রকোপে দীর্ঘদিন দর্শকহীন গ্যালারিতে অনুষ্ঠিত হয় সব ধরনের খেলা। প্রকোপ কমার পর কখনও ২৫ শতাংশ, কখনও ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এভাবেই খেলা অনুষ্ঠিত হয়ে আসছিল।
এবার আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না। বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মিরপুর স্টেডিয়ামের পুরো গ্যালারি উন্মুক্ত থাকবে দর্শকদের জন্য। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।
চট্টগ্রামেও পুরো গ্যালারি উন্মুক্ত করার পরিকল্পনা ছিল বিসিবি। কিন্তু সেটা সম্ভব হয়নি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে চার হাজার টিকেট ছাড়া হয়। দর্শক চাহিদার ব্যাপারটি মাথায় রেখে পরের দুই ম্যাচে ১০ হাজার করে টিকেট ছাড়া হয়। এবার মিরপুরের গ্যালারির পুরোটাই উন্মুক্ত করা হচ্ছে, এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর আগের চেহারায় ফিরতে যাচ্ছে হোম অব ক্রিকেট।
তানভীর আহমেদ টিটু বলেন, 'এখন সরকারি বিধিনিষেধ নেই। করোনা শনাক্তের হারও কমেছে অনেক। পুরো গ্যালারিতে দর্শক ফেরানো যায় বলে মনে হয়েছে আমাদের কাছে। ফুল হাউজ করার পরিকল্পনা আমাদের, সেভাবেই টিকেট দেওয়া হবে। কাল থেকে টিকেট বিক্রি শুরু, পরশু দিনও টিকেট বিক্রি করা হবে।'
গ্যালারি পুরো উন্মুক্ত করা হলেও আগের মতো করে করোনার দুই ডোজ টিকা নেওয়ার সনদ নিয়ে আসতে হবে দর্শকদের। এ ছাড়া মাস্ক পরিধান বাধ্যতামূলক। মিডিয়া কমিটির প্রধান বলেন, 'করোনা সার্টিফিকেট নিয়ে আসতে হবে, মাস্ত পরা বাধ্যতামূলক। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার চেষ্টা থাকবে আমাদের।'
পাঁচটি ক্যাটাগরিতে টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে। সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত খোলা থাকবে বুথ। ২ মার্চ (বুধবার) থেকে পাওয়া যাবে টিকেট। ম্যাচের দিনও টিকেট সংগ্রহ করা যাবে। দ্বিতীয় ম্যাচের টিকিটও পাওয়া যাবে খেলার দিন ও আগের দিনে।
টিকেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা। এই টিকেটে খেলা দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ডে। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকেটের দাম ১৫০ টাকা। শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড বা ক্লাব হাউজের টিকেট ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য ১ হাজার টাকা।
আগামী ৩ মার্চ মিরপুরে বেলা ৩টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি মিরপুরে একই সময়ে শুরু হবে।
