মিরপুরে সাকিব-হাথুরুসিংহে
ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে কয়েকদিন বিশ্রামে ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। অধিনায়ক সাকিব আল হাসান আরও আগে থেকেই বিশ্রামে, চোটের কারণে এক ম্যাচ বাকি থাকতেই ভারত ছাড়েন তিনি। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফেরা অভিজ্ঞ এই অলরাউন্ডার আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন।
এদিন মিরপুরে এসেছিলেন প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশারও। একই সময়ে মিরপুরে আসায় সাকিব ও হাথুরুসিংহের দেখা হয়, দুজন একসঙ্গে বসে বেশ কিছুক্ষণ কথা বলেন। নিজেদের ভিন্ন ভিন্ন প্রয়োজনে মিরপুরে এসেছিলেন তারা।
বিসিবি সূত্রে জানা গেছে, মেডিকেল বিভাগকে চোট পাওয়া আঙুল দেখাতে মিরপুরে আসেন সাকিব। ৬ নভেম্বর দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁ হাতের তর্জনীতে চোট পান সাকিব। এই চোটে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হয়নি তার। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হবে না অভিজ্ঞ এই অলরাউন্ডারের, এমনকি নিউজিল্যান্ড সফরে যাওয়া নিয়েও আছে শঙ্কা।
শ্রীলঙ্কা ম্যাচের পরই বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছিল, চোট কাটিয়ে উঠতে তিন-চার সপ্তাহ সময় লাগবে সাকিবের। যদিও সময়টা আরও বেশি লাগবে তার।
তিন ফরম্যাটেই বাংলাদেশের নেতৃত্ব পাওয়া অভিজ্ঞ এই ক্রিকেটারকে আজ বিসিবির মেডিকেল বিভাগ থেকে বলা হয়েছে, আরও তিন সপ্তাহ অপেক্ষায় থাকতে হবে তাকে। অবস্থা বুঝতে সাধারণত তিন সপ্তাহ পর এক্স-রে করা হয়, কিন্তু এখনও সেই সময় হয়নি।
