বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রায় দর্শকশূন্য মোদি স্টেডিয়াম
ভারতে ক্রিকেটকে রীতিমতো পূজা করা হয়, ধর্মের মতোই মানা হয় খেলাটিকে। সেই ভারতেই যখন বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে, উপচে পড়া দর্শকের সারিই হয়তো প্রত্যাশা করেছিলেন সবাই।
গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট মুখোমুখি হয়েছে এবারের উদ্বোধনী ম্যাচেই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এমন একটি ম্যাচে দর্শকের সংখ্যা দেখে মনে হতেই পারে, বিশ্বকাপ নয়, কোনো প্রস্তুতি ম্যাচ খেলছে দুই দল!
১ লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন ভারতের নরেন্দ্র মোদি স্টেডিয়াম বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। ২০২৩ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এই মাঠে আজ বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড।
ম্যাচটি নিয়ে গতবারের মতো এবারও আগ্রহ আছে ঠিকই, তবে সেটা সামাজিক যোগাযোগমাধ্যমে। মাঠে এসে গতবারের দুই ফাইনালিস্টের খেলা দেখতে খুব বেশি আগ্রহ দেখা যায়নি ভারতীয় দর্শকদের মাঝে।
ভারতে আজ কর্মদিবস থাকায় প্রথম ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় দর্শক বলতে গেলে ছিলোই না। অফিস ছুটির পর কিছু দর্শক এসেছেন ঠিকই, তবে টেনেটুনে সংখ্যাটা হয়তো কয়েক হাজার হবে। বিশ্বকাপের মতো জায়গায় যা কাম্য নয়।
