বিশ্বকাপের পরে একদিনও অধিনায়কত্ব করতে চান না সাকিব
বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এখন দুই ভাগে বিভক্ত। সাকিব আল হাসান এবং তামিম ইকবালের সম্পর্ক যে আগের মতো নেই সেটিও স্পষ্ট। বিশ্বকাপ দলে না থাকার কারণ ব্যাখ্যা করতে নিজের ফেইসবুক পেইজে একটি ভিডিও বার্তা দিয়েছেন তামিম।
সাকিব আল হাসানও সাক্ষাৎকার দিয়েছেন সমসাময়িক বিষয়গুলো নিয়ে। সেখানেই তিনি জানিয়েছেন, বিশ্বকাপের পরপরই অধিনায়কত্ব ছাড়বেন। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসর নেওয়ার চিন্তাভাবনাও করছেন বলে জানান সাকিব।
অধিনায়কত্ব ছাড়া নিয়ে সাকিব বলেন, 'এখন যে বাস্তবতা, আমি শুধু এই বিশ্বকাপ পর্যন্তই অধিনায়কত্ব করব। এর এক দিন পরই না। আমি হাসিমুখে খেলতে চেয়েছি, উপভোগ করতে চেয়েছি। বাংলাদেশের হয়ে পারফর্ম করতে চেয়েছি। এই একটা কারণেই অধিনায়কত্ব করতে চাইনি। এই পর্যায়ে এসে অধিনায়কত্ব কি কোনো ভ্যালু অ্যাড করছে? আমি তো মনে করি না।'
এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য অধিনায়কের দায়িত্ব কেন নিলেন সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন সাকিব, 'বিসিবির কাছে, কোচের কাছে, টিম ম্যানেজমেন্টের কাছে মনে হলো, আমি ছাড়া এটা সম্ভব না। আমি বললাম, ওকে ঠিক আছে। তখন আমি সিদ্ধান্ত নিলাম অধিনায়কত্ব করার। সবাই বলেছে, দলের জন্য তোমার অধিনায়কত্ব করা দরকার, তোমার জন্য নয়। ঠিক এ কারণে অধিনায়কত্ব নিয়েছি।'
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ভাবনা ইতোমধ্যে করছেন সাকিব। তিনি জানিয়েছেন, দ্রুতই টেস্ট ছেড়ে দেবেন তিনি। আর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে টি-টোয়েন্টি সংস্করণের খেলা ছাড়বেন। ওয়ানডে ছাড়বেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে।
