‘প্রথম ম্যাচে না খেলতে অথবা নিচের দিকে ব্যাটিং করতে বলা হয় আমাকে’
তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্যে রওনাও দিয়েছে ১৫ সদস্যের দল। এর মধ্যে তামিমকে দলে না নেওয়া নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক।
তামিম ইকবাল নিজেই এবার খোলাসা করেছেন বিশ্বকাপে তার না যাওয়ার কারণ। নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানেই সব বিষয় পরিষ্কার করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
চোটে আক্রান্ত তামিম বেশ কিছুদিন ধরেই চিকিৎসা নিচ্ছেন। তিনি নিজে আশবাদী ছিলেন, বিশ্বকাপে প্রথম ম্যাচের আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। কিন্তু বিসিবির ওপর মহল থেকে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে না খেলার পরামর্শ দেওয়া হয় তামিমকে, 'আমাকে বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন। উনি বেশ ইনভলভড আমাদের ক্রিকেটে। আমাকে হঠাৎ করে ফোন করে বললেন তুমি তো বিশ্বকাপে যাবা তোমাকে তো ম্যানেজ করে খেলতে হবে। তুমি এক কাজ করো তুমি প্রথম ম্যাচ খেলো না, আফগানিস্তানের সঙ্গে।'
এমনকি যদি খেলেনও, ওপেনিং না করে ব্যাটিং অর্ডারে নিচের দিকে ব্যাট করানোর কথাও বলা হয় তামিমকে, 'আমি বললাম ভাই এটা এখনো ১২-১৩ দিনের কথা। আমি তো এর মধ্যে ভালো কন্ডিশনে থাকব। কী কারণে খেলব না? তখন বললেন আচ্ছা তুমি যদি খেলোও আমরা এমন একটা পরিকল্পনা করছি তুমি যদি খেলোও তাহলে নিচে ব্যাট করাব।'
তবে তামিম ইকবাল সেটি মেনে নেননি। নিজের ১৭ বছরের খেলা পজিশন পরিবর্তন করতে নারাজ তিনি। এক্ষেত্রে মানসিক প্রস্তুতির ব্যাপারটিকে সামনে আনেন তামিম, 'ন্যাচারালি ভাই একটা জিনিস মনে রাখতে হবে আমি কোন মাইন্ডসেট থেকে আসতেছিলাম। হঠাৎ করে একটা ভালো ইনিংস খেলেছি। আমি হ্যাপি ছিলাম। হঠাৎ করে এসব কথা আমার পক্ষে নেওয়া সম্ভব না। আমি ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাটিং করেছি।'
ব্যাটিং পজিশনে পরিবর্তনের ব্যাপারে তামিম আরোও যোগ করেন, 'জীবনে কোনো দিন তিন-চারে ব্যাটিংই করিনি। এমন যদি হতো আমি তিনে ব্যাটিং করি, চারে ব্যাটিং করি তাহলে যদি ওপর নিচ করা হয় সেটা মানিয়ে নেওয়া যেত। কিন্তু আমার তিনে চারে পাঁচে ব্যাটিংয়ের অভিজ্ঞতা নেই।'
এই ধরনের কথা তামিম মোটেও ভালোভাবে নেননি। নিজের মেজাজ হারান তিনি, 'আমি কথাগুলো ভালোভাবে নিইনি। উত্তেজিত হয়ে গিয়েছিলাম। কারণ কথাগুলো পছন্দ হয়নি। মনে হচ্ছি আমাকে জোর করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে। দিস ইজ হোয়াট আই ফেল্ট।'
