বিশ্বকাপ দলে কেন নেই তামিম, যা বললেন নির্বাচকরা
অনেক নাটকীয়তার পর তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিবি। পিঠের চোটের কারণেই তামিমকে দলে রাখা হয়নি বলে জানিয়েছেন নির্বাচকরা।
চোটের কারণে এশিয়া কাপে খেলেননি তামিম। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু দ্বিতীয় ম্যাচ খেলেই আবারও সেই চোট ফিরে আসায় এরপর আর খেলেননি তিনি। এবার তো বিশ্বকাপ দল থেকেই ছিটকে গেলেন দেশসেরা এই ওপেনার।
তামিমকে দলে না রাখা প্রসঙ্গে নির্বাচকরা চোটকেই মূল কারণ হিসেবে দেখিয়েছেন। মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমকে বলেন, 'তামিম ইকবালের কিন্তু অনেকদিন ধরেই ইনজুরি কনসার্ন। এটা কিন্তু আমরাও জানি, আপনারা অনেকেই জানেন। ও ইনজুরির সঙ্গে যুদ্ধ করছিল, নিউজিল্যান্ড সিরিজের আগে ফিটনেস ফিরে পেয়েছে।'
নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ খেলার পর তামিমের চোট ফিরে আসার দিকেই ইঙ্গিত করলেন নান্নু, 'এক ম্যাচ খেলার পর কিন্তু আবার একটা অভিযোগ এসেছে। সবকিছু মিলিয়ে, সব বিবেচনা করে, ওর ইনজুরি নিয়ে যে কনসার্ন আছে এসব চিন্তা করেই ওকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করা হয়েছিল। সবাই আলোচনা করেই ঝুঁকি নিতে পারি নাই, কারণ বিশ্বকাপ অনেক দিনের ব্যাপার অনেকগুলো ম্যাচ আছে।'
তামিমকে দলে না রাখার বিষয়টি সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া বলে জানালেন প্রধান নির্বাচক, 'এখানে সার্বিকভাবে সবার সঙ্গে আলোচনা করেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেডিকেল টিম থেকে আপডেট নেওয়া হয়েছে, আমরাও সবাই মিলে আলোচনা করেছি এরপর সিদ্ধান্তটা এসেছে। এমন না যে, মেডিকেল টিম থেকে না জেনে কারও সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের কাছে মেডিকেলের আপডেট আছে, সবারই আপডেট আছে তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
গুজব ছড়িয়েছিল, বিশ্বকাপে গেলেও পাঁচ ম্যাচের বেশি খেলবেন না বলে জানিয়েছেন তামিম। বিষয়টি উড়িয়ে দিলেন নান্নু, 'এ বিষয়ে আপনাদের ক্লিয়ারলি বার্তা দেই যে, এ বিষয়ে আমাদের কাছে তথ্য ছিল না। তামিম ৫টা ম্যাচ খেলবে বা অন্য কিছু কোনো তথ্যি ছিল না। তামিমের সঙ্গে আলোচনা হয়েছে তবে সব তো আর জানানো যায় না। তবে সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু কিছু ইনজুরি আছে যেগুলো নিয়ে আপনি ঝুঁকি নিতে পারেন না। একটা খেলোয়াড়কে দলে নিয়েছি সে যেয়েই ইনজুরিতে পড়ে গেছে তখন কিন্তু টিম ম্যানেজমেন্ট বেকায়দায় পড়ে যায়।'
এদিকে দল দিতে এত দেরি হওয়ার কারণ এবং তামিমের সঙ্গে ঠিক কী আলোচনা হয়েছে সেই বিষয়ে কথা বলেন আরেক নির্বাচক হাবিবুল বাশার, 'আমাদের সঙ্গে কী হয়েছে সেটা তো আমাদের সঙ্গের ব্যাপার। আমরা সুস্থ-সবল তামিমকে পেতে চেয়েছি। এটা নিয়ে আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত ভাবতে হয়েছে। তাই দেরি হয়েছে।'
