'বার্সেলোনা আমার ঘর, আমি সেখানে ফিরব'
২০২১ সালের জুন মাসে হুট করেই বার্সেলোনা ছাড়েন লিওনেল মেসি। সবাইকে অবাক করে দিয়ে মেসি বিদায় নেন নিজের ঘরের মতো হয়ে যাওয়া ক্লাব। ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে তিনি পাড়ি জমান পিএসজিতে।
মেসির বার্সেলোনা ছাড়াটা ফুটবলপ্রেমিদের জন্য বড় রকমের ধাক্কা ছিলো। ক্লাবের সঙ্গে নিজের চুক্তি নবায়ন করার কোনো উপায় না থাকায় বাধ্য হয়েই নিজের ঘর ছাড়তে হয় মেসিকে। তবে আর্জেন্টাইন জাদুকর জানিয়েছেন, তিনি বার্সেলোনায় ফিরবেন।
তবে সেই ফেরা খেলোয়াড় হিসেবে নয়, বার্সেলোনার মানুষ হিসেবে। আর্জেন্টিনা, স্পেন এবং কাতালুনিয়ার নাগরিক মেসি। ক্যারিয়ার শেষে বার্সেলোনাতেই বাস করবেন বলে জানিয়েছেন তিনি, 'আমি বার্সেলোনায় ফিরব, এটা আমার ঘর। ক্যারিয়ার শেষে আমি সেখানেই থাকবো।'
বার্সেলোনা আর মেসি একে অপরের পরিপূরক। তাই বার্সেলোনা ছেড়ে গেলেও মন থেকে শহরটিকে মুছে ফেলতে পারেননি আর্জেন্টাইন জাদুকর। তাই সেই মায়ায় নিজের ঘরেই ফিরবেন তিনি।
অবশ্য খেলোয়াড় হিসেবে ক্লাবে ফেরার সুযোগ যে একেবারেই নেই তা নয়। পিএসজির সঙ্গে এখনো চুক্তি নবায়ন করেননি তিনি। তাই এই মৌসুম শেষে বিনা পয়সা ব্যয়ে মেসিকে ফিরিয়ে আনার সুযোগ খুলে যেতে পারে বার্সেলোনার সামনে।
সেটি কাজে লাগিয়ে মেসি ঘরে ফিরবেন, এমন আশায় বুক বেধেছেন লাখো বার্সা এবং মেসি সমর্থক। সময়ই বলে দেবে, তাদের এই স্বপ্ন পূরণ হবে কিনা।
