রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই
রাজধানীর মিরপুর-২ নম্বরের লাভ রোডে একটি কলেজের দেয়াল ধসে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬-৭ জন আহত হয়েছেন। তারা টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর দেড়টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের দেয়াল ধসে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাছিমা বেগম মিরপুর ২ নম্বর জনতা হাউজিংয়ের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
তিনি বলেন, 'দুপুর ১টা ২৭ মিনিটের দিকে হঠাৎ দেয়ালটি ধসে পড়ে। তখন সেখানে টিসিবির লাইনে দাঁড়ানো কয়েকজন ধসে পড়া দেয়ালের নিচে পড়ে আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে এক নারীর মৃত্যু হয়।'
প্রথমে একজন নারীর মৃত্যুর পর পরবর্তীতে এই ঘটনায় আরও একজন মারা গেছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
