হতাশার এশিয়া কাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল
লক্ষ্য বড় না থাকলেও ভালো খেলার কথা জানিয়ে এশিয়া কাপ মিশনে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই 'ভালোর' সঙ্গে দেখা হয়নি বাংলাদেশ ক্রিকেট দলের। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে সবার আগে এশিয়া কাপ শেষ হয় বাংলাদেশের। হতাশার মিশন শেষে দেশে ফিরেছে সাকিববাহিনী।
শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ দল। দলের বেশিরভাগ সদস্যই দেশে ফিরেছেন। তবে দলের সঙ্গে আসেননি টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। বিসিবি সূত্র এটা নিশ্চিত করেছে।
সফর শেষে দেশে ফিরে সাধারণত বিমান বন্দরে দলের পক্ষ থেকে কেউ কথা বলে থাকেন। এই উদ্দেশ্যে শনিবার সকারে বিমান বন্দরে হাজির হয় বিভিন্ন সংবাদমাধ্যম। কিন্তু কথা বলার মতো বাংলাদেশ দলের কাউকে মেলেনি। সংবাদমাধ্যম এড়িয়ে বিমান বন্দর ছাড়েন দলের সবাই।
এশিয়া কাপে ব্যর্থ হওয়ায় সবার মতো হতাশ খালেদ মাহমুদ সুজন। তবে তার হতাশা যেন একটু বেশিই। এ কারণেই পরিবারের সঙ্গে আরব আমিরাতে রেয়ে গেছেন তিনি। আগের দিন সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'আমার একটুও ভালো লাগছে না। খুব স্ট্রেস গেছে গত কয়টা দিন। এখনই দেশে চলে যেতে পারলে ভালো হতো। পরিবার নিয়ে একটু ঘুরে আসি।'
ক্রিকেটাররা দেশে ফিরলেও কোচিং স্টাফের অনেকেই ছুটি পেয়েছেন। আরব আমিরাত থেকেই নিজ নিজ দেশে ফিরে গেছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট।
আগামী ১২ সেপ্টেম্বর থেকে টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে কয়েক দিনের ক্যাম্প করবে বাংলাদেশ দল। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অ্যাডিলেডে ক্যাম্প করতে যাবেন সাকিবরা। ক্যাম্প শেষে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ।
